পবিত্র কাবা ইমামের সঙ্গে মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ ও বাংলাদেশ সফরের তারিখ নির্ধারণ

প্রকাশিত: ১৭ মে ২০২২

৩০ এপ্রিল ২০২২

বাংলাদেশ সফরে আসবেন মসজিদুল হারাম তথা পবিত্র কাবা শরীফের ইমাম শায়েখ হাসান আল বুখারী। আগামী জানুয়ারিতে ঢাকা ও ফেনী রঘুনাথপুরের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তিনি বাংলাদেশে আসবেন বলে জানালেন ‘আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশে’র কেন্দ্রীয় মহাসচিব, বিশ্ববরেণ্য ক্বারী ও আলেম শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

স্থানীয় সময় গত ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার বিকেলে মক্কায় তাদের মধ্যে সৌজন্য সাক্ষাতে ড. হাসান আল বুখারিকে দাওয়াত দেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

তিনি জানান, কাবার ইমাম মৌখিকভাবে দাওয়াত কবুল করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ সফরের আশ্বাস প্রদান করেছেন তিনি।

সাক্ষাতে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কার্যক্রম ও আল্লামা ইসহাক মাদানী রহ. এর অবদান সম্পর্কে স্মৃতিচারণ করে শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, বর্তমান বাংলাদেশের সার্বিক অগ্রগতি ও বাংলাদেশের মুসলিমদের কোরআনের প্রতি ভালোবাসা দেখলে যে কেউই বিস্মিত হন এবং এ দেশে আসার প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতের সময় কোরআন প্রচারে ‘আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশে’র ভূমিকা প্রসংসনীয় বলে মন্তব্য করেন ড. হাসান আল বুখারী।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কোরআন প্রচারে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের এ ভূমিকা অব্যাহত থাকলে বাংলাদেশ হবে বিশ্বের জন্য অনন্য রোল মডেল।

পবিত্র ভূমিতে শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীকে স্বাগত জানিয়ে কাবা শরীফের ইমাম আরো বলেন, আপনার এই সফরে বন্ধুপ্রতিম দুই দেশের কোরআন প্রেমীদের উৎসাহিত করবে এবং কোরআন কেন্দ্রিক সম্পর্ক আরো জোরদার করবে।