ওমিক্রোনের কারণে সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সাময়িক স্থগিত করেছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২

24 January 2022

সরকারি বিধি-নিষেধ মেনে ঢাকাসহ ১৪টি জেলায় সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২২ সাময়িক স্থগিত ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ। অদ্য ২৪ জানুয়ারি ২০২২ সোমবার এক সংবাদ সম্মেলনে দলের এ সিদ্ধান্ত জানান সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব ফিদায়ে কোরআন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। লালবাগস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নির্বাহী সভাপতি শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান দা.বা.।

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আগামী ২৮ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪টি জেলায় অনুষ্ঠিতব্য সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সাময়িক স্থগিত করে তারিখ পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে মহাসচিব বলেন, ‘আমরা বলেছি, যে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে তা ভেবে এবং সরকারের এ সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি পরামর্শ এবং আলোচনা পর্যালোচনা করে জনস্বার্থ ও প্রাসঙ্গিক সবকিছু বিবেচনা করে আমাদের এই আন্তর্জাতিক সম্মেলনগুলোর তারিখ পুনঃনির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া।’

তিনি আরো বলেন: পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে শীঘ্রই নতুন নির্ধারিত সময়ে সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন করার জন্য প্রস্তুতি অব্যাহত রয়েছে, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ ও এর অঙ্গ ও সহযোগীসংগঠনগুলোর কেন্দ্রীয়, মহানগর ও জেলার নেতৃবৃন্দের প্রতি সর্বোচ্চ প্রস্তুতি, দোয়া ও মেহনত চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

পুনঃনির্ধারণের অর্থ স্থগিত কিনা- এমন প্রশ্নের জবাবে মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, ‘আমরা বলেছি যে, আমরা তারিখটা পুনঃনির্ধারণ করেছি। আমরা স্থগিত বলিনি এ জন্য কারণ পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই আমাদের সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হবে।’ আমাদের যেহেতু ইংরেজি সন অনুযায়ী আন্তর্জাতিক সম্মেলন করতে হয় সে হিসেবে স্থগিত করার কোন সুযোগ নেই। তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে, অর্থাৎ পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই নতুন তারিখ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।

নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের নির্বাহী সভাপতি শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীরের জন্মস্থান ফেনী রঘুনাথপুরের আন্তর্জাতিক সম্মেলনও স্থগিত ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার ২১ জানুয়ারী এ সমাবেশ হওয়ার কথা ছিল।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১০ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ১১টি ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। তাতে উন্মুক্ত স্থানে যে কোনো সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ রাখার কথা বলা হয়েছে।

এদিকে ২১ জানুয়ারি দ্বিতীয়বার মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সভা-সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।

কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, ‘আমাদের সমস্ত কর্মসূচি সবসময় চলমান রয়েছে। কিছুদিন পর যদি পরিস্থিতি স্বাভাবিক হয় আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কথা বলে আপনাদেরকে জানাবেন, আবারো নেতৃবৃন্দ বসে আপানাদেরকে জানাবে। খুব তাড়াতাড়িই আপনাদেরকে জানাবে।’

এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের গভর্ণর মুফতী আনোয়ারুল হক, সহ-সভাপতি মাওলানা ক্বারী মাহমুদুল হক হাফেজ্জী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী মাসউদুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা, প্রচার সম্পাদক মাওলানা ক্বারী সুলাইমান ঢাকুবী, সহ-দপ্তর সম্পাদক মাওলানা উসামা হাফেজ্জী, সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের প্রতিনিধি মাওলানা আব্দুল খালেক তারা, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

বার্তা প্রেরক
(সুলাইমান ঢাকুবী)
প্রচার সম্পাদক,
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।