২১ মার্চ ২০২১
বাংলাদেশে ধারাবাহিকভাবে সমাপ্ত হলো ২০২১ সালের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগ ও ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে বাংলাদেশে ২০২১ সালের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে লাখো কোরআন প্রেমীদের উপস্থিতিতে গত ৩রা মার্চ ২০২১ থেকে করোনা পরবর্তী সর্বপ্রথম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের যাত্রা শুরু হয়।
এরপর ধারাবাহিকভাবে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ঢাকার যাত্রাবাড়ী, গাজীপুর, সিলেট, নারায়ণগঞ্জ, কক্সবাজার, চট্টগ্রামের ফটিকছড়ি, সীতাকুণ্ড, ঢাকার সাইনবোর্ড, ঢাকার উত্তরা ও চট্টগ্রামের পতেঙ্গাসহ দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে।
গত (৩রা মার্চ ২০২১) দুপুর ৩ টা থেকে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শুরু হয়ে রাত ১টায় সমাপ্ত হয়।
প্রথমদিনের সম্মেলন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান (এমপি) সম্মেলনে বরেণ্য উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবারের সম্মেলনে অংশ নিয়েছেন বিশ্বের অনেক প্রথিতযশা ক্বারী সাহেবগণ। তিলাওয়াত ও সুরের মূর্ছনায় কোরআন প্রেমিদের মুগ্ধ করেছেন মিশরের কৃতি সন্তান বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ক্বারী শায়েখ মাহমুদ আত তুখী, ইরানের কৃতি সন্তান বর্তমান বিশ্বের অন্যতম প্রসিদ্ধ ক্বারী শায়েখ সাঈদ তুসী, আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্বারী শায়েখ আবদুল কাবীর হায়দারী। মিশরের প্রখ্যাত ক্বারী শায়েখ মুহাম্মদ সাইয়েদ ঈদ, শায়েখ ক্বারী ইজ্জত রাশেদ ও বাংলাদেশের প্রখ্যাত ক্বারী সাহেবগণ, সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা উবায়দুর রহমান খান নদভী, আওলাদে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শায়েখ মুনির তুরান – তুরস্ক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ, আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আলহাজ্ব আশরাফ উদ্দিন প্রমুখ।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে ২০ দিনব্যাপী ধারাবাহিক সম্মেলনের তদারকি করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীর, সহ-সভাপতি শায়েখ আজহারুল ইসলাম, সহ-সভাপতি শায়েখ মাহমুদুল হক হাফেজ্জী, ত্রাণ বিষয়ক সম্পাদক এম এরশাদ উল্লাহ আকমাল ও প্রচার সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন আশরাফী প্রমুখ।
আজ ২১ মার্চ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আগত বিশ্ববরেণ্য অতিথিগণ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন। বিদায় মুহূর্তে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা, বাংলাদেশ ও বিশ্বনন্দিত ক্বারী শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।