দোয়া ও কোরআনের বরকতে আল্লাহ মহামারি থেকে রক্ষা করেছেন: ধর্ম প্রতিমন্ত্রী।

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১

৩রা মার্চ ২০২১

আজ ৩রা মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে পবিত্র কোরআন তেলাওয়াত ও আল্লাহর প্রিয় বান্দাদের দোয়ার বরকতে মহান আল্লাহতায়ালা বাংলাদেশকে করোনা মহামারির ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করেছেন বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

 

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারি পরিস্থিতিতে বাংলাদেশের হিফজ মাদ্রাসাগুলো খোলা রাখার ব্যবস্থা করেছিলেন। তিনি ভেবেছেন দিন-রাত মহান আল্লাহতায়ালার বাণী তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহতায়ালা হয়ত এ মহামারি পরিস্থিতি থেকে বাংলাদেশের জনগণকে হেফাজত করবেন।

 

আমি বিশ্বাস করি আল্লাহতায়ালা হাফেজ-আলেমসহ তার প্রিয় বান্দাদের দোয়া কবুল করেছেন। বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভালো।

 

বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ সাহানে শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত করোনা পরবর্তী সর্বপ্রথম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সব তরুণ ও যুব সম্প্রদায় বিশেষ করে বাংলাদেশের তরুণ যুবকদের মধ্যে পবিত্র কোরআনের তিলাওয়াতকে জনপ্রিয় করে তোলা, কোরআনভিত্তিক জীবন গঠনে আগ্রহ সৃষ্টি এবং এর প্রচার প্রসারে আজকের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

তিনি আরও বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ অনেক অবদান রেখে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারও ইসলামের খেদমতে অসংখ্য কার্যক্রম বাস্তবায়ন করছেন।

 

আন্তর্জাতিক এ সম্মেলনে তিলাওয়াত করেন বাংলাদেশ, মিশর, ইরান, তুরস্ক, আফগানিস্তান ও কাতারসহ বিশ্বের একাধিক রাষ্ট্রের বিখ্যাত ক্বারী সাহেবগণ।